বন্দি মুক্তি না হলে গাজায় ফের যুদ্ধ শুরু করবেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষ্য, হামাস যদি বন্দি মুক্তি না করে উপত্যকাটি ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আল জাজিরা ও বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই গাজায় যুদ্ধ শুরুর হুমকি দেন নেতানিয়াহু।
তিনি এও বলেছেন, হামাস যতক্ষণ না পর্যন্ত চূড়ান্তভাবে পরাজিত হচ্ছে, ততক্ষণ ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে। যদি শনিবারের মধ্যে হামাস তাদের কাছে আটকে রাখা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় আবার যুদ্ধ শুরু হবে।
তিনি মাইক্রোব্লগিং সাইট এক্সেও পোস্ট দিয়েছেন। সেখানে নেতানিয়াহু বলেছেন, যদি শনিবার দুপুরে হামাস আমাদের বন্দিদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে।
এবং হামাস শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তীব্র লড়াইয়ে ফিরে যাবে।
মঙ্গলবার আরেক এক্স বার্তায় তিনি আরও বলেন, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দোষী। একই পোস্টে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা উপত্যকার অভ্যন্তরে ও চারপাশে বাহিনী জড়ো করার নির্দেশ দেন।
0 Comments