শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বেনাপোল দিয়ে আজও ফল আমদানি বন্ধ
উপজেলা করেসপন্ডেন্ট
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রয়েছে।
এদিকে বাণিজ্য সংশ্লিষ্টরা বলছে, আমদানি বন্ধ থাকায় সরকারের রাজস্ব আয়ে বড় ধরনের ধাক্কা পড়বে।
ইতিমধ্যে শুল্ককর বৃদ্ধিতে বাজারে কেজিতে ফলের দাম বেড়েছে ৩০-৪০ টাকা পর্যন্ত। আমদানি কার্যক্রম বন্ধ থাকলে আগামীতে ফলের বাজার আরও ঊর্ধ্বগতির আশঙ্কা রয়েছে।
বন্দর ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ভারত থেকে যেসব খাদ্য আমদানি হয় এর মধ্যে বড় একটি অংশ রয়েছে আপেল, কমলা, মালটা ও আঙুরসহ অন্যান্য তাজা ফল। আগে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করত কাস্টমস কর্তৃপক্ষ।
এতে প্রতি কেজি ফলে সরকারকে রাজস্ব দিতে হতো ১০১ টাকা। হঠাৎ করেই গত ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের নতুন এক নির্দেশনায় ফল আমদানির ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে। এতে বর্তমানে কেজিতে শুল্ককর ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ টাকা। ফলে আমদানি খরচ বাড়ায় দাম বাড়িয়েছে খোলা বাজারে বিক্রেতারা।
ফল বিক্রেতা সুমন জানান, মোকাম থেকে বেশি দামে ফল কিনতে হওয়ায় বেশিতে বিক্রি করতে হচ্ছে।
ফল ক্রেতা রহমত জানান, রমজানের আগেই দাম বৃদ্ধি, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এ সিদ্ধান্ত নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বেশি পড়বে।
বন্দর শ্রমিক আলী জানান, বেনাপোল বন্দর দিয়ে দিনে শতাধিক ট্রাক ফল আমদানি হতো। এখন বন্ধ থাকায় শ্রমিকেরা বেকার হয়ে পড়েছে।
ফল আমদানিকারক শামীম হোসেন জানান , অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ফল আমদানি বন্ধ রাখা হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে কোনো ফল আমদানি তারা করছেন না।
বেনাপোল বন্দর ওয়ারহাউজ সুপারেন্টেন্ড তানজিবুর রহমান জানান, ফল ব্যবসায়ীদের ধর্মঘটে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ থাকায় রাজস্ব আয় কমেছে। ধর্মঘটে দুই দিন ফল আমদানি বন্ধে বেনাপোল বন্দর থেকে সরকার প্রায় এক শ কোটি টাকা টাকার রাজস্ব হারাবে।
বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
এমএম




0 Comments