আজকের সর্বশেষ খবর আপডেট : মননশীল মানুষের ঠিকানা এখন বইমেলা।

 

মননশীল মানুষের ঠিকানা এখন বইমেলা

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট 


চট্টগ্রাম: সৃজন ও মননশীল মানুষের ঠিকানা এখন অমর একুশে বইমেলা। শেষ বিকেলে নানা বয়সী লেখক, পাঠক ও সংস্কৃতিকর্মী ছুটে আসছেন পছন্দের স্টলে।

অটোগ্রাফ, আড্ডা, সেলফি আর মুখরোচক খাবারে সময় কাটছে বেশ। মা-বাবা-শিক্ষকের হাত ধরে আসছে ছোট্ট সোনামণি, শিশু-কিশোররাও।
শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরা শিক্ষার্থীদের ছোটাছুটিও বাড়ছে।  

সিআরবির ঘুরে এবার এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে ফিরেছে চট্টগ্রামের অমর একুশে বইমেলা।


নগরের প্রাণকেন্দ্রে চতুর্মুখী যোগাযোগ সুবিধার কারণে প্রথম থেকেই আশাবাদী প্রকাশকরা। মেলার দিন যত ফুরিয়ে আসছে বিক্রিও বাড়ছে।

বেশি বিক্রির তালিকায় শিশুতোষ বই আর গল্প-উপন্যাস। হাঁকডাক বেশি হলেও কবিতার বইয়ের বিক্রি এখনো কমই।

সরেজমিন দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েই তরুণ লেখকরা আসছেন বইমেলায়। তারা প্রকাশনা সংস্থার নাম, স্টল নম্বর, উপস্থিত থাকার সময় দিয়ে দিচ্ছেন। তাদের আত্মীয় স্বজন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব, সহকর্মীরা ওই সময় এসে বই কিনছেন, সেলফি তুলছেন, অটোগ্রাফ নিচ্ছেন। মোটামুটি হইচই ফেলে দিচ্ছেন একেকটি স্টলে।  


এর ব্যতিক্রমও আছে। মেলায় না থেকেও সগৌরবে বিক্রি হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় সব বই। শুধু কি হুমায়ূন, বাংলা সাহিত্যের কালজয়ী, চিরায়ত সব বইয়ের চাহিদা দেখা গেছে মেলায়। তবে বাংলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশনের মতো সরকারি বিভিন্ন সংস্থার স্টল না থাকায় তরুণরা ক্ষোভ জানিয়েছেন।  

বুধবার সন্ধ্যায় বইমেলার প্রধান ফটকের পর মসজিদের সামনের সড়কে প্রচুর মুখরোচক খাবার, হস্তশিল্পসামগ্রী, মৃৎশিল্প সামগ্রীর ভাসমান বিক্রেতাদের দেখা গেছে। মেলার ভেতরেও প্রচুর আইসক্রিমের বাক্স দেখা গেছে। এতে মেলায় ভিড় বাড়লে দর্শক-ক্রেতাদের অস্বস্তির আশঙ্কা বিক্রয়কর্মীদের।

মেলায় রয়েছে ঐতিহ্য, ইউপিএল, কথাপ্রকাশ, অন্যপ্রকাশ, অন্যধারা, অনন্যা, কাকলী, ঝিবুক, গ্রন্থরাজ্য, হাওলাদার, অ্যাডর্ন, শিখা, সিয়ান, জ্ঞানকোষ, বেঙ্গল বুকস, কবি, শোভা, পেনফিল্ড, অনুবাদ, মুদ্রণশিল্প, গলুই, কথাবিচিত্রা, চন্দ্রবিন্দু, নন্দন, রংপেন্সিল, গাজী, পাঞ্জেরী, সালফী, শালিক, মনন, দ্বিমত, রচনা, গার্ডিয়ান, বলাকা, শব্দশিল্প, কিডস, বই বাজার, প্রিন্টপুকুর, বিদ্যানন্দ, খড়িমাটি, তৃতীয় চোখ, প্রজ্ঞালোক, ইতিহাসের খসড়া, চর্চা গ্রন্থ প্রকাশ, অক্ষরবৃত্ত, রোদেলা, পার্ল, রানা, আদর্শ, জলধি, কিংবদন্তী, অনিন্দ্য, সত্যায়ন, গল্পকার, আইমান, দি স্কাই, আন্দরকিল্লা, ভাষাচিত্র, সুকুন, রুশদা, শব্দশৈলী, নালন্দা, বাবুই, সন্দ্বীপন, স্টুডেন্ট ওয়েজ, সাহিত্য বিচিত্রা, নন্দন বইঘর, রানা, রাদিয়া, সাহিত্য বিচিত্রা, লাবণ্য, এমেলিয়া, পূর্বা, ঝিলমিল, বাতিঘর, হরিৎপত্র,  আদিগন্ত, দুরন্ত, তেপান্তর, কালধারা, শৈলী, শিশুপ্রকাশ,  দাঁড়িকমা, আপন আলো ইত্যাদি প্রকাশনা সংস্থার স্টল।  


0 Comments