জাতীয়
হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয়ে আলোচনা করেছেন ইউনূস-মোদি
থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৪ এপ্রিল) প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।
ব্যাংককের হোটেল সাংগ্রিলা ব্যাংককে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।
শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।
প্রেসসচিব আরও বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।
উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন গত ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।


0 Comments