ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উৎসব
ফ্রান্স প্রবাসীদের জন্য এ প্রাণের অনুষ্ঠান যেন সব গ্লানি, হিংসা-বিদ্বেষ, দুঃখ-কষ্টকে ঝেরে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা। উৎসবকে কেন্দ্র করে বাচ্চাদের খেলনা আর ঝালমুরি, চটপটি, ফুচকা দোকানগুলো লোকারণ্য ছিল অনুষ্ঠানের শেষ অবধি।
বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর সভাপতি এমডি নূর জানান, ২০১৮ সাল থেকে বিসিএফ ঈদে বিশেষ আয়োজন করে আসছে। তিনি বলেন, এক সময় ঈদকে ঘিরে প্যারিসে বড় কোনো আয়োজন হতো না। ২০১৮ সালে আমরা ঈদ ফেস্টিভ্যালের সূচনা করি, যেখানে প্রায় ৫০০০ প্রবাসী অংশ নিয়েছিলেন। এখন এটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, প্যারিস ছাড়িয়ে মার্সেই শহরেও ঈদ ফেস্টিভ্যাল পালিত হচ্ছে।
অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা, কুশল বিনিময়সহ পুরো আয়োজনের নেতৃত্ব দেন বিসিএফ সভাপতি এমডি নূর ও শ্রমিক গ্রুপ সভাপতি আবু হাসানসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে উৎসবকে ঘিরে শিশুদের বিস্কিট দৌড়, পুরুষদের মোরগ লড়াই, নারীদের বালিশ খেলাসহ রকমারি আনন্দ আয়োজনসহ দিনভর বাউল গানের আয়োজন করা হয়।
উৎসবে দল-মত নির্বিশেষে প্যারিস ও ফ্রান্সের অন্যান্য শহর থেকে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সূধীজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এটি রূপ নেয় এক নান্দনিক সর্বজনীন উৎসবে।


0 Comments